যেখানে যাই বারবার কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১১:২৪ পিএম
যেখানে যাই বারবার কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী 

দেশে-বিদেশে যেখানে যান সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নিয়ে কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।


অর্থমন্ত্রী বলেন, আমি কাস্টমসকে...এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে...এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে কনসালটেন্সির প্রসেসটা আমরা অব্যাহত রাখতে চাই। আর আমরা না রাখলেও আই ওয়ান্ট ইয়োর (ব্যবসায়ী স্টেকহোল্ডার) রেসপন্স, প্লিজ।

অর্থমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো। মানে রিফর্ম—গভর্নমেন্ট যতই অ্যাগ্রেসিভ হোক রিফর্ম নিয়ে, যতই প্রোঅ্যাকটিভ হোক, ইট উইল নট হ্যাপেন আনলেস স্টেকহোল্ডারস কাম ফরোয়ার্ড। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ, কাম ফরোয়ার্ড। উই আর রেডি টু গো। আমরা পেইনফুল ডিসিশন নিতে প্রস্তুত আছি।পেইনফুল ডিসিশন নিয়েও যদি দেশের ব্যবসা-বাণিজ্য, ইনভেস্টমেন্ট, দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য বলে আমি মনে করি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিমা খাতে কাজ করতে গিয়ে দেখলাম, এর অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ। ব্যাংক খাত যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, বিমা খাতও একই জায়গায় গেছে। বিমা কোম্পানিগুলো বিমা দাবি পরিশোধ করছে না। কিন্তু নিজেরা সম্পত্তি কিনছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, ব্যক্তিগত বিনিয়োগ করছে। বিমার টাকারও অপব্যবহার করছে।

অর্থমন্ত্রী বলেন, এখন এইখানে (বিমা খাতে) আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার রেজিস্ট করতে আরম্ভ করছে। বিকজ দে হ্যাভ ইট টু গুড ফর টু লং। আপনি যেখানে হাত দেবেন সেখানেই সমস্যা।

ব্যবসার খরচ কমানোর বিষয়ে তিনি বলেন, প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে হতে হবে। তথ্যব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ থাকবে, নিবিড় তদারকি থাকবে, স্বচ্ছতা থাকবে। এতে সময় কমবে, ব্যবসার খরচও কমবে।

পুঁজিবাজারে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোর তথ্যব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। এতে নিয়ন্ত্রক সংস্থা পুরো লেনদেনপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। এ ব্যবস্থা চালু হলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেনের সুযোগ বন্ধ হবে। চট্টগ্রাম বন্দরেও একই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এজন্য ঋণপত্র খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেওয়া।

ব্যবসায়ীদের অর্থায়নের খরচ কমাতে নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দেন গভর্নর। তিনি বলেন, আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা আমরা করতেই পারি।

গভর্নর জানান, বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজির সুযোগ বন্ধ করতে স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।

তিনি বলেন, আমরা মুক্তবাজার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্য এমন একটি সফটওয়্যার তৈরি করছি, যাতে পুরো লেনদেনপ্রক্রিয়া স্বয়ংক্রিয় হয়। এখানে কেউ দেখতে পাবেন না বিক্রেতা কে, ক্রেতা কে। ফলে কারসাজির সুযোগ থাকবে না। আশা করছি, এক মাসের মধ্যে এই নিলামপ্রক্রিয়া চালু করতে পারব। এতে বৈদেশিক মুদ্রার প্রকৃত বাজারদর পাওয়া যাবে বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ ও রশীদ।
 

Link copied!